ADVOCATETANMOY LAW LIBRARY

Research & Library Database

Home » Eman aral diye lukiye gele chalbe na- অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চল্‌বেনা

Eman aral diye lukiye gele chalbe na- অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চল্‌বেনা

RAVINDRANATH TAGORE

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চল্‌বেনা

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চল্‌বেনা।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো
কেউ জানবেনা কেউ বলবেনা।

বিশ্বে তোমার লুকোচুরি,
দেশ বিদেশে কতই ঘুরি,
এবার বল আমার মনের কোণে
দেবে ধরা, ছলবেনা!

আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চল্‌বে না।

জানি আমার কঠিন হৃদয়
চরণ রাখার যোগ্য সে নয়,
সখা তোমার হাওয়া লাগলে হিয়ায়
তবু কি প্রাণ গলবেনা?

না হয় আমার নাই সাধনা!
ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবেনা ফুল
চকিতে ফল ফল্‌বেনা?

আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চলবেনা।

১১ ভাদ্র ১৩১৬


Source: গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর – Gitanjali Rabindranath Tagore